তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জন আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। এই করোনাকালে আমাদের মাথাপিছু আয় আশেপাশের দেশগুলোকে ছাড়িয়ে গেছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচিত্র পুরস্কার ২০২০ বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
করোনাকালে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচকে (জিডিপি) বিশ্বে বাংলাদেশের অবস্থান সবার উপরে বলে জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই করোনা মহামারির মধ্যে যেখানে ২০২০-২০২১ অর্থবছরের পৃথিবীতে মাত্র ২০টি দেশে ইতিবাচক জিডিপি গ্রোথ হয়েছে, সেখানে বাংলাদেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে।
তিনি বলেন, শুধু তাই নয়, ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন নাম্বারে। উপরে মাত্র দুটি দেশ, একটি হচ্ছে সাউথ সুদান আরেকটি গায়ানা। সেই দেশগুলো ছোট অর্থনীতির দেশ। ছোট জনসংখ্যার দেশ। সেই বিচারে বাংলাদেশের জিডিপি গ্রোথ পৃথিবীতে সবার উপরে।









