হেফাজতে ইসলাম সরকারের পতন ঘটাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চায়। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সরকারের পতন ঘটাতে চাচ্ছে।
শুক্রবার (২৩ এপ্রিল) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকারে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, হেফাজতের শিকড় যত গভীরেই হউক, তার মুলউৎপাটন করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি বলেন, কৃষক যাতে নায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে, সেভাবেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। ১ হাজার টাকার নিচে দাম হবে না। ১৪ লক্ষ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার।











