রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সংঘাতে জড়িত এই দুই দেশের নেতার সঙ্গে দেখা করতে মস্কো ও কিয়েভে যাবেন জাতিসংঘ প্রধান।
শুক্রবার (২২ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।
এরপর বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও তার সাক্ষাত করবেন তিনি।











