spot_img
spot_img

জ্বালানি সমস্যা মোকাবেলায় বিরোধীদলের আহ্বানে সাড়া দিয়ে সংসদীয় কমিটি গঠন প্রধানমন্ত্রীর

চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যা মোকাবেলায় বিরোধীদলীয় নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবে সাড়া দিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৫ জন সরকারি দলের এবং বাকি ৫ জন বিরোধীদলের সদস্য।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই কমিটি গঠনের কথা বলেন। পরে তিনি সরকারি দলের ৫ সদস্যের নামও ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবেলায় বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছিলেন যে, তাদের কাছে কিছু পরামর্শ রয়েছে, যা নিয়ে সরকারি দল ও বিরোধীদল একসাথে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তারই প্রেক্ষাপটে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও অন্য তিন সংসদ সদস্য হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার একজনকে সভাপতি নির্বাচনের পরামর্শ দেন। তখন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে এই কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি তিনি দ্রুত বিরোধীদলকেও ৫ সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।

এই কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা মনে করি এই সংসদ জাতীয় সকল সমস্যার নিরসনের কেন্দ্রবিন্দু হবে। আমরা শিগগিরই কমিটির জন্য নামগুলো জানাবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ