জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে করা মামলায় ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ জবানবন্দি গ্রহণ করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা।
হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করে প্রসিকিউশন। এরই পরিপ্রেক্ষিতে মামলার শেষ সাক্ষী তথা তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে হাদির জবানবন্দিও গ্রহণ করা হয়।











