বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, খুন, গুম, মিথ্যাচার ও দুর্নীতি আওয়ামী লীগের রাজনীতি। নিজেদের পতন ঠেকাতে তারা সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। এসব করে চলমান আন্দোলন দমন করা যাবে না।
মঙ্গলবার (২৩ মে) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে মহানগর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। চাপাবাজী, ধাপ্পাবাজী, ফাপরবাজী করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এজন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। সরকারের নিষ্ঠুর দমন নিপীড়নের বিরুদ্ধে সারাবিশ্বও ধিক্কার জানাচ্ছে। এবার তাদের বিদায় নিতেই হবে। সরকার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলনের গতি আরও বাড়বে।
সমাবেশ শেষে পদযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে জিলা স্কুল মোড়, নতুন বাজার, বাগান বাড়ী, আমলাপাড়া সড়ক হয়ে হরি কিশোর রায় রোডে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।










