রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশের রেলখাতের উন্নয়নে ভারত সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার (২৩ মে) ভারত থেকে অনুদান হিসেবে পাওয়া ২০টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক, পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার।
তিনি বলেন, বহু বছর ধরে লোকোমোটিভ সংকটে ভুগছিল বাংলাদেশ। উপহারের ২০টি জরুরি লোকোমোটিভ সংকট অনেকটাই নিরসন করবে।
অনুষ্ঠানে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দৃঢ় নেতৃত্বে দুই দেশের রেলপথে যাত্রীপরিবহন ও বাণিজ্য নতুন মাত্রায় পৌঁছেছে। যৌথ উন্নয়ন প্রকল্প অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশের রেলখাতের উন্নয়নে আরও বিনিয়োগ, কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতা অব্যাহত রাখবে ভারত।
তিনি আরও জানান, নরেন্দ্র মোদি বিশ্বাস করেন, এ অঞ্চলের সমৃদ্ধির জন্য বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।











