করোনার বিপর্যয় কাটিয়ে না উঠতেই বিশ্বব্যাপী হানা দিচ্ছে মাঙ্কিপক্স। ইতোমধ্যে বেশ কয়েক দেশে এটি ছড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় এবার আমেরিকায় প্রথম দুই শিশুর শরীরে মাঙ্কিপক্সের আলামত পাওয়া গেছে।
শুক্রবার (২২ জুলাই) সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, শিশুদের মধ্যে একজন ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী আরেক শিশু আমেরিকায় আসা অনাবাসী। উভয় শিশুই পারিবারিক সংক্রমণের মাধ্যমে ভাইরাসটিতে সংক্রামিত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
সিডিসি পরিচালক ড. রোচেল ওয়ালেনস্কি এক সাক্ষাত্কারে বলেছেন, সমকামী পুরুষদের মাধ্যমে শিশু দুটির শরীরে ভাইরাস প্রবেশ করেছে বলে আমরা প্রথমিকভাবে ধারণা করছি। শিশুদের ক্ষেত্রে ভাইরাসটি বেশ গুরুতর আকার ধারণ করতে পারে বলেও জানান তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত আমেরিকায় প্রায় ২,৬০০ জন মাক্সিপক্সে শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সমকামী পুরুষদের সংস্পর্শে থাকার প্রবণতা ছিল। তবে এটি ছাড়াও আরও বিভিন্ন কারণে মাক্সিপক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে সতর্ক করেছিল যে, মাঙ্কিপক্স শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সম্ভাব্য আরও বিপজ্জনক। ঐতিহাসিকভাবে, ছোট বাচ্চারা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি হারে ভাইরাসে মারা গেছে।
সূত্র: আরটি











