করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নেওয়া নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য এসএমএসের অপেক্ষায় থাকতে হবে না।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার-এর (এমআইএস) এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ম ডোজ নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।
এমআইএসের পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য (নাগরিকদের) এসএমএস পাওয়ার কথা। যদি নাও পায় তাহলেও কেন্দ্রে যাবে। টিকা কার্ডটা নিয়ে গিয়ে বলতে হবে প্রথম ডোজ নিয়েছি। তাহলেও টিকাদান কর্মীরা টিকা দিয়ে দেবে।











