দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের সেপ্টেম্বরে বিদেশি পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত করতে চায় সাংবিধানিক এ সংস্থা।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। সকাল ১১টায় কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে আজ প্রাথমিক আলোচনা হয়েছে। আমাদের আরও সভা করতে হবে। আজ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর, তথ্য মন্ত্রণালয়সহ সভা করেছি। আজকের সভায় কোনো সিদ্ধান্ত আসেনি।
আমাদের বর্তমান যে নীতিমালাটি আছে, সেটি পর্যালোচনা করেছি। কোন কোন পয়েন্ট যুগোপযোগী করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছি। আগামী সপ্তাহে আমরা আবারও বসব। আরও দু’একটি সভা করে আমরা খসড়া চূড়ান্ত করে কমিশনে উপস্থাপন করব। কমিশন অনুমোদন দিলেই সেটি চূড়ান্ত হবে বলেও তিনি জানান।











