দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি।
বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ দেয়।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বিকেলে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
সবশেষ শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










