স্বাধীনতাবিরোধীরা যাতে কোনো মতেই ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধে ৭১” এর ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ নুরুল আলম, সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সারওয়ার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ হামিদ এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব বক্তব্য দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমি বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। যারা চক্রান্ত করবে তাদের বিরোধিতা করবো। সম্মিলিত কাজ করে যেতে হবে।
জাতীয় সম্মেলনে যোগদানকারী বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের প্রতিনিধির উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
দেশের কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও অনুরোধ করেন রাষ্ট্রপতি।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রামের ফলে আপনারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এ আন্দোলনের নেতা।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। তিনি বলেন, এটা অনস্বীকার্য যে, বাংলাদেশের রাজনীতিতে অনেক খেলা হয়েছে, অনেক নেতৃত্ব এসেছে। কিন্তু এ খেলায় বিজয়ী হচ্ছেন বঙ্গবন্ধু।
তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে থাকেনি। তারা এখনো সক্রিয়।











