মক্কা ও মদিনার পবিত্র ভূমির দেশ সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা ধাঁচের বিনোদন সংস্কৃতি বিস্তারের অন্যতম বড় আয়োজন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর আর হচ্ছে না। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় ষষ্ঠ আসরটি ২০২৭ সালের শেষ প্রান্তিক পর্যন্ত পিছিয়ে দিয়েছে আয়োজক রেড সি ফিল্ম ফাউন্ডেশন।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সময়সূচি ও এত বড় আন্তর্জাতিক আয়োজনের ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেদ্দায় আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালে এর কোনো আসর হচ্ছে না।
একসময় সৌদি আরবে প্রকাশ্য সিনেমা হল, রেড কার্পেট ও আন্তর্জাতিক বিনোদনজগতের তারকাদের এমন আয়োজন কল্পনাতীত ছিল। দীর্ঘ কয়েক দশক সিনেমা হল বন্ধ থাকার পর ২০১৮ সাল থেকে দেশটিতে আবার বাণিজ্যিক চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২১ সালে শুরু হয় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরপর বিনোদনের নামে হলিউডকেন্দ্রিক রেড কার্পেট, তারকাদের উপস্থিতি এবং পশ্চিমা চলচ্চিত্র সংস্কৃতির নানা অনুষঙ্গকে সৌদিতে বড় পরিসরে জায়গা দেওয়া হয়।
বিশেষ করে ইসলামের দুই পবিত্র মসজিদের দেশ সৌদি আরবে এ ধরনের আয়োজন ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সমালোচনার জন্ম দেয়। যে সমাজে কয়েক বছর আগেও এমন আয়োজনের সুযোগ ছিল না, সেখানে দ্রুত পশ্চিমা বিনোদন সংস্কৃতির বিস্তারকে অনেক সমালোচক দেশটির ঐতিহ্যগত ধর্মীয় পরিবেশ থেকে সরে যাওয়ার লক্ষণ হিসেবে দেখেছেন। ২০২২ সালে উৎসব কর্তৃপক্ষ ‘শূন্য সেন্সরশিপ’ নীতির কথা জানায় এবং সমকামিতাবিষয়ক চলচ্চিত্রও প্রদর্শন করে।
মুসলিম বিশ্বের কাছে মক্কা ও মদিনার মর্যাদার কারণে সৌদি আরবের সাংস্কৃতিক গতিপথ বরাবরই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে বিনোদনের নামে এমন বিষয়কে স্বাভাবিক করে তোলার প্রচেষ্টা শুধু সৌদির অভ্যন্তরীণ সাংস্কৃতিক পরিবর্তন হিসেবেই নয়, বরং দেশটির ইসলামী পরিচয় ও পবিত্র ভূমির মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও ধর্মীয় মহলে সমালোচিত হয়েছে।
এবার সেই বহুল বিতর্কিত উৎসবের ২০২৬ সালের পুরো আসরই অনুষ্ঠিত হচ্ছে না। তবে অতীতের ধর্মীয় ও সামাজিক সমালোচনার কারণে উৎসবটি পিছিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো তথ্য দেয়নি আয়োজক প্রতিষ্ঠান। রেড সি ফিল্ম ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে সময়সূচি ও আয়োজনের ব্যবস্থাপনাগত বিষয়কেই সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছে।
তবে মূল উৎসব পিছিয়ে গেলেও চলচ্চিত্র ও বিনোদনকেন্দ্রিক কার্যক্রম বন্ধ করছে না প্রতিষ্ঠানটি। চলচ্চিত্র নির্মাতাদের অর্থায়ন, প্রশিক্ষণ এবং জেদ্দায় বছরব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।
সূত্র : রেড সি ফিল্ম ফাউন্ডেশন, দ্য গার্ডিয়ান











