গুপ্তচরবৃত্তির দায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ফরাসি নাগরিক মার্টিন রায়ানকে ক্ষমা করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এপিএ নিউজ এজেন্সি জানিয়েছে, বাকুর গুরুতর অপরাধবিষয়ক আদালত চলতি বছরের ১৬ মার্চ মার্টিন রায়ানকে ১০ বছরের কারাদণ্ড দেন। প্রেসিডেন্টের আদেশে ক্ষমা পাওয়া কয়েকজনের মধ্যে রায়ানও রয়েছেন।
সংশ্লিষ্ট প্রেসিডেন্টের আদেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তিদের “ব্যক্তিগত বৈশিষ্ট্য, স্বাস্থ্য ও পারিবারিক পরিস্থিতি”সহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে আলিয়েভ এই ক্ষমা মঞ্জুর করেছেন।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসে এক বিবৃতিতে রায়ানের সাজা দেওয়ার নিন্দা জানায়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায়।
সূত্র: স্থানীয় সংবাদমাধ্যম ও এপিএ নিউজ এজেন্সি











