শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার পৌর মেয়র অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা হোটেলটিতে অভিযান পরিচালনা করি। অভিযান শেষে তাকে আমরা হোটেল রুমের একটি কক্ষ থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেওয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।











