হবিগঞ্জে দলের পূর্বঘোষিত সমাবেশে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই-এভাবে দমনপীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি এবং সবচেয়ে বড় যে দাবি নিয়ে এখন আমরা আন্দোলন করছি-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর জন্য, সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে এর মূল কারণটাই ছিল হবিগঞ্জ হলো বিএনপির একটা শক্তিশালী জায়গা। সেখানের নেতারা বরাবরই প্রমাণ করেছেন-এখানে আমাদের শক্তিশালী একটা সংগঠন আছে। সেজন্য ওই জায়গাতে তারা আঘাত করেছে। পুলিশ বিনা উসকানিতে অতর্কিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে।










