আন্তর্জাতিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার পক্ষে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো।
আইনি এই পদক্ষেপ দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কটের একটি স্থায়ী সমাধানের পথ উন্মোচন করতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইরাকের বাগদাদে আয়োজিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) ৫২তম সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ‘রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রীপর্যায়ের অ্যাড-হক কমিটি’র বৈঠকে এই সংহতি ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে সহ-সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দীর্ঘদিনের রোহিঙ্গা সঙ্কট সমাধানের লক্ষ্যে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার এবং কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি জোর দিয়ে বলেন, মানবিক এই সঙ্কটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।
উল্লেখ্য, মিয়ানমার থেকে নির্মম নির্যাতনের মুখে পালিয়ে আসা ১৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ এবং একই সাথে এই সঙ্কটের টেকসই সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
সূত্র : বাসস











