মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। /*-][তিনি বলেছেন, অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাননি এবং গুলিও করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। তিনি একজন জনপ্রতিনিধি। তার সংসদীয় আসনের মধ্যে গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা হয়। এ নিয়ে এলাকার মানুষ বারবার তার কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশকে বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। তবে পুলিশ একেক সময় একেক কথা বলেছে। তাদের জনবল কম, গাড়ি নেই, এমন কথা বলা হয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি করে। এ কারণে তার হাতে অস্ত্র ছিল।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।”











