spot_img
spot_img

আওয়ামী লীগকে নিয়ে ব্যঙ্গ করায় যুবকের ১০ বছর কারাদণ্ড

ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কাল্পনিক গল্প’ পোস্ট করার অভিযোগে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মাদ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল মুকিত ওরফে রাজু (২৬)। রায় ঘোষণাকালে তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা সাংবাদিকদের জানান, মামলার বাদি সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

মামলার বাদি সাইদুর রহমান বাদল অভিযোগ করেছিলেন, ২০১৭ সালের ২৭ মে মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি ‘কাল্পনিক গল্প’ পোস্ট করেন। এ ঘটনায় ক্ষমতাসীন দল আ’লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। পরদিন এ ঘটনায় সাইদুর রহমান তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুকিতের বিরুদ্ধে রাজশাহীর পবা থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মুকিতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়।

পিপি ইসমত আরা আরো জানান, মামলার বিচার চলাকালে সাইবার ট্রাইবুনাল আদালতে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এই মামলার রায় ঘোষণা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ