ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়ারেজ করপোরেশন বেসরকারি প্রতিষ্ঠান পাকতিয়া মাওজের সঙ্গে ১০০ কোটি আফগানি মূল্যের একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় কাবুলের ১৭তম পুলিশ জেলায় একটি পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে প্রায় ৫০ হাজার পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র মোহাম্মদ নবী বাহার বলেন, প্রকল্পটিতে শাহ ও আরুস বাঁধের উপরিভাগের পানি এবং পাঁচটি গভীর নলকূপের পানি একসঙ্গে ব্যবহার করা হবে।
তিনি বলেন, ‘এই ব্যবস্থা প্রতি সেকেন্ডে মোট ২০০ লিটার পানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১০০ লিটার এবং গভীর নলকূপগুলো থেকে আরও প্রতি সেকেন্ডে ১০০ লিটার পানি সরবরাহ করা হবে।’
তিনি আরও বলেন, প্রকল্পটি তিন বছরের মধ্যে সম্পন্ন করে জনসাধারণের ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের লক্ষ্য ১৭তম পুলিশ জেলার পানি সরবরাহ অবকাঠামো শক্তিশালী করা এবং স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের সুবিধা বাড়ানো।
আনুমানিক ১০০ কোটি আফগানি বিনিয়োগে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পটি আফগান রাজধানীর জন্য পরিকল্পিত বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর একটি।
সূত্র : আরিয়ানা নিউজ











