কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যা মামলার পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
গতকাল (বুধবার) দিবাগত রাতে র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমান হত্যা মামলার পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে।
গ্রেপ্তাররা হলেন- ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা (২৮), চাঁদপুর গ্রামের নজরুল মালিথার ছেলে রনি মালিথা (২৮), একই গ্রামের আব্দুল হামিদ ওরফে কটার দুই ছেলে জনি (২৮) ও ড্যানি (২৫) এবং একই গ্রামের মৃত জফো প্রামানিকের ছেলে জারমান প্রামানিক (৪০)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মিন্টু মালিথা ও রনি মালিথার দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়। মিন্টু ও রনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্থানীয় অনেকেই মিন্টু ও রনিকে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে দেখেছে। এ ছাড়া বাকি তিন আসামি হত্যাকাণ্ডে তাদেরকে সহযোগিতা করেছে। দীর্ঘদিন ধরে বংশগত বিরোধের জেরে প্রতিপক্ষ মালিথা বংশের লোকজন কর্তৃক তিনি নির্মমভাবে হত্যার শিকার হন।











