ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় বিষয়ক আলোচনায় অগ্রগতির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক।
সেই সঙ্গে এই যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে, ৫০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে ১ জন ইসরাইলি বন্দির বিনিময়ে বলেও জানান তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আবু মারজুক।
তিনি বলেন, “যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে অদূর ভবিষ্যতে বেশ অগ্রগতি হতে পারে।”
মারজুক বলেন, যুদ্ধ বিরতির আলোচনায় অন্যতম আরো দুইটি শর্ত হচ্ছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান হত্যাকান্ড বন্ধ করতে হবে ও উত্তর গাজ্জায় এসকল জনগণকে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে, বিশেষ করে গাজ্জার রশিদ স্ট্রিট ও সালাহউদ্দিন এলাকা থেকে।
রাফাহ’তে আক্রমনের বিষয়ে তিনি বলেন, “ইসরাইল যদি রাফাহ শহরে আক্রমণ চালায় তবে তা দখলদার সেনাবাহিনীর জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। শুধু তাই নয়, এই শহরে কোন ধরনের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবেনা ইসরাইল।”
রাফাহ’তে হামাসের যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আরো কঠোরভাবে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











