পবিত্র রমজানে নগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গুলশানে ডিএনসিসির নগর ভবনের হল রুমে পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার প্রস্তুতকরণ ও বিপণনে জড়িত ব্যবসায়ীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য কর্মশালার এ আয়োজন খুবই দরকার ছিল। কারণ আমরা কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে চাই না। রেস্তোরাঁ মালিকদের পুরস্কার দিতে চাই। সবাই মিলে চেষ্টা করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা দরকার। এজন্য এক রেস্তোরাঁর মালিক আরেক রেস্তোরাঁয় গিয়ে ভুল ধরিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেককে সচেতন করতে হবে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আমাদের আত্মীয়-স্বজনরা অসুস্থ হয়ে যাবে। তবে নগরে অনেক রেস্টুরেন্ট ভালো আছে। কিন্তু চটপটি, পরোটার দোকানগুলোতে নিরাপদ খাদ্য নেই। এগুলোতে বিশেষ নজর দিতে হবে।










