আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সঙ্গে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে বুঝতে সক্ষম হয়নি। দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই যে চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ছিনতাই করে নেবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও নির্বাচন পরিহারের ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। এ পথ থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসার কোনও বিকল্প নেই। গণতান্ত্রিক উপায়ে বিএনপিসহ যেকোনও রাজনৈতিক দলকেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নজিরবিহীন অত্যাচার-নির্যাতন চালানো, ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যার পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীকে আহত করেছে এবং রাজনৈতিক মামলা দিয়েছিল। সেই নিষ্ঠুর সময়ের দুঃসহ স্মৃতি দেশবাসী এখনও ভুলে যায়নি। বিরোধী মতকে দমনের উদ্দেশ্যে তারেক রহমানের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। যার প্রাইম টার্গেট ছিল বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার কেন্দবিন্দু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।










