আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলাম ১৯৭১ সালেও রাজাকার ছিল, এখনো রাজাকার আছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপিও জামায়াতের দোসর। স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসনের পাশাপাশি বিএনপি দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অর্থনৈতিক মুক্তি এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ উন্নয়নের সোপানে পৌঁছানোর নেপথ্যে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব। মহাকাশ থেকে সমুদ্রসীমা জয় দেশের অর্থনৈতিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে গেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই শেখ হাসিনার ম্যান। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই।










