spot_img

২৫ এপ্রিল করোনার ঝুঁকি নিয়েই খুলছে দোকানপাট ও শপিংমল

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি মেনে নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা থাকবে।

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানুষের ‘জীবন-জীবিকার বিষয়’ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপের ফলে সংক্রমণ কিছুটা কমে আসছিল। শনাক্তের হার ২৪ শতাংশ থেকে গতকাল ১৪ শতাংশে নেমে এসেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও মনে করেন, করোনার সংক্রমণ ও মৃত্যু কমাতে বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো লকডাউন। তাদের অভিমত, লকডাউনের উদ্দেশ্য হচ্ছে, মানুষকে পরস্পরের কাছ থেকে দূরত্বে রাখা। সেটি করতে হলে সবকিছু বন্ধ রাখতে হবে। কিছু খোলা রেখে, কিছু বন্ধ রেখে লকডাউন হয় না। দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হলো।

এখন প্রশ্ন হলো, মানুষ শপিংমলে যাবে কীভাবে? এ অবস্থায় গণপরিবহন চালুর দাবি উঠতে পারে। আর ওই দাবির মুখে গণপরিবহন চালু করা হলে সড়কে আগের মতো যানজট পড়বে, সামাজিক দূরত্বও থাকবে না। একই সঙ্গে স্বাস্থ্যবিধিও মানা কঠিন হয়ে পড়বে। এতে করে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়তে পারে।

এরই মধ্যে ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ আরও শিথিল করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, বিধিনিষেধ আরও শিথিল করা হতে পারে। জীবনযাত্রা কীভাবে চলবে, সে বিষয়ে নির্দেশনা দিয়ে তখন আরেকটি প্রজ্ঞাপন জারি করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ