ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল সংঘর্ষে মো. রাব্বি (৩২) ও মাহিম খন্দকার (২৬) নামে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমনসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা একাধিক যুবক পুলিশকে জানান, নারুই ব্রিজের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী এবং আহত ইয়াছিন আরাফাত রিমন নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ দুটি জেলা মর্গে রয়েছে। দুর্ঘটনাটি সদর থানা এলাকায় ঘটেছে। ফলে সকল কার্যক্রম সদর থানায় হচ্ছে।











