রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের এক আবাসিক শিক্ষার্থীকে গভীর রাতে মারধর করে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ২৪৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাকে মারধর এবং গালিগালাজ করে তার বিছানাপত্র বের করে বাহিরে ফেলে দেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম ও তার অনুসারীরা।
শিক্ষার্থী মুন্না বলেন, আমি আগে হলের তৃতীয় ব্লকের ৩৫২ নম্বর কক্ষে ফ্লোরিং করে থাকতাম। চলতি মাসের ১২ তারিখে হলের ২৪৮ নম্বর কক্ষটি ফাঁকা হওয়ায় সেই কক্ষে ওঠার জন্য হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। কর্তৃপক্ষের নির্দেশনায় আমি হলের এক আবাসিক শিক্ষকের সুপারিশ নিয়ে হল প্রাধ্যক্ষকে লিখিত আবেদন দেই। তার পরিপ্রেক্ষিতে আমাকে ওই রুম বরাদ্দ দেয়া হয়। গত ১৫ জুন আমি ২৪৮ নম্বর কক্ষে উঠি।
এ ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে সত্যতা মিললে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শিক্ষকদের আশ্বস্ত করেছেন হল প্রভোস্ট ড. মাহবুবুর রহমান।











