রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলার অস্থায়ী নিবাসকেন্দ্র থেকে এ পর্যন্ত ১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরও এক হাজার ৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এতথ্য জানান।
শুভেন্দু বলেন, ১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি।
তিনি বলেন, আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারা অনুপ্রবেশকারী। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারব না।
তিনি আরও বলেন, ধরো আর বিএসএফকে দাও। নো জেল! অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আটক করে রাখার বদলে সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নীতিতেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু জানান, বর্ডার ফেন্সিং বা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজের জন্য ইতোমধ্যে বিএসএফকে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে।











