পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা এক করে ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে দেশটির ঢাকাস্থ দূতাবাসের কোনো অসৎ উদ্দেশ্য নেই । তবে দূতাবাসের ফেসবুক পেজের সেই পোস্টটি সরিয়ে নিতে আপত্তি জানানো হয়েছে।
রোববার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মোমেন এসব কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, তাদের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নেই। আমরা তাদের বলেছি যে, এখানে এটি বাদ দিলেই ভালো হয়। তবে পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে।
গত (২১ জুলাই) বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুক পেজে ওই পোস্ট করে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজেও ব্যবহার করা হয়।
এর মধ্যে রোববার (২৪ জুলাই) দুপুরে নিজেদের ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।










