spot_img

ইসরাইলবিরোধী অবস্থানের কারণে স্ত্রীসহ মামদানিকে হত্যার হুমকি

ইসরাইলবিরোধী অবস্থানের কারণে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইসরাইল ও গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর তারা এ হুমকি পান বলে জানিয়েছেন মামদানি।

রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তবে কে বা কারা হুমকি দিয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে যখন আপনি সবার অধিকারের পক্ষে দাঁড়াতে প্রস্তুত থাকেন, তখন তার পরিণতি ভোগ করতেও প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। সে সময় ইসরাইলকে আমেরিকার সামরিক সহায়তা দেওয়ার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরোধিতা করায় তাকে হুমকি দেওয়া হয়েছিল।

মামদানি বলেন, মেয়র হওয়ার আগেই এসব হুমকি শুরু হয় এবং দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রয়েছে। ইসরাইল ও গাজ্জা ইস্যুতে তার অবস্থানের কারণে তার স্ত্রীও সমালোচনা ও হুমকির শিকার হয়েছেন বলে জানান তিনি।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ তোলেন মামদানি।

তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে বিচারিক কার্যক্রম শুরু হওয়া উচিত।

তবে পরে মামদানি স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আমেরিকার কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তাবে বলে জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ