একুশে আগস্ট গ্রেনেড হামলার দায়ভার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকেও বহন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ২০০৪ সালে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, কোনোভাবে এর দায় এড়াতে পারেন না তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। এই নেপথ্যের কারিগরও একজনই, তাদের উদ্দেশ্যও একই ছিল। একাত্তরে পরাজিত হয়ে ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। স্বাধীনতার পরাজিত শত্রুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানিরা জানতো বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বেঁচে থাকলে এই হত্যার বিচার অবশ্যই হবে। পাকিস্তানি প্রেতাত্মারা ভেবেছিল বঙ্গবন্ধু পরিবারের কেউ বেঁচে থাকলে তাদের স্বপ্ন পূরণ কখনই হবে না। তাই বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের হত্যা করতে হবে।
হানিফ বলেন, আমরা দেখি আগস্ট মাস আসলে বিএনপি জামায়াত বিভিন্ন ষড়যন্ত্রে গরম হয়ে মিথ্যাচার করে। বিএনপিকে বহুবার বলেছি, ২১ আগস্ট ঘটনার সাথে আপনারা জড়িত। তার বহু প্রমাণ আপনারা রেখে গেছেন। জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে পথ চলা শুরু করুন। জনগণ ক্ষমা হয়তো করতে পারে, কিন্তু স্বজন হারানোরা ক্ষমা করবে না।











