কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা রিজওয়ান চৌধুরী (২৫) স্কুল ব্যাগে লুকিয়ে মাদক পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছেন। এসময় তার কাঁধে থাকা ব্যাগে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার (২৩ আগস্ট) পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
এর আগে রোববার রাতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় মাদক পাচারকালে ছাত্রলীগ নেতা রিজওয়ানকে পুলিশ আটক করে। তিনি কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
তিনি জানান, ব্যাগে লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় মাদক পাচারকালে রবিবার রাতে পুলিশ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ রিজওয়ানকে আটক করা হয়।











