বাংলাদেশের মানুষ বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তাই এখন জনগণ তাদের চরিত্র বুঝে গেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে বোমাবাজি, লুটতরাজ, খুন ও হত্যা করে জনগণের যেমন কাজে আসেনি, তেমনি এখনো বিএনপি জনগণের কাজে আসছে না। করোনায় জনগণের পাশে নেই তারা। তারা এসিরুমে বসে শব্দবোমা ফাটাচ্ছেন আর খোয়াব দেখছেন যদি কিছু হয়। যদিও কিছু হওয়ার দিন শেষ। সেই পরিস্থিতি আর কখনো আসার সম্ভাবনা নেই।
মঙ্গলবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, বিএনপি আগুন সন্ত্রাস, বোমাবাজি ও ষড়যন্ত্রের রাজনীতি করার কারণে জনবিচ্ছিন্ন ও গণধিকৃত দলে পরিণত হয়েছে। পত্রপত্রিকায় দেখলাম, এ গণধিকৃত দল নাকি সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করবে। আর যাই হোক, গণধিকৃত দল দিয়ে গণঅভ্যুত্থান হয় না।
তিনি বলেন, গণআন্দোলন বা গণঅভ্যুত্থান গড়ে তুলতে হলে জনভিত্তি থাকা দরকার, যা বিএনপির নেই। সুতরাং হাঁক-ডাক দিয়ে লাভ হবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের জনভিত্তি আছে। কর্মীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ।












