মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সঙ্কট উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বর্তমানে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা বহুমুখী সঙ্কট মোকাবেলা করছে। শুধু দেশে নয়, বরং বিশ্বের সর্বত্রই মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। খুবই নাজুক সময় অতিক্রান্ত করছে বিশ্বমুসলিম। আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফিতনা আমাদের চতুর্দিকে ঘিরে আছে, আমরা একটা দ্বীপের মাঝে পড়ে আছি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমরা এই দুঃসময়ে যত বিভক্ত হবো ততই বাতিল ও অপশক্তির শক্তি বৃদ্ধি পাবে। বিভক্তিতে কোনো ফায়দা নেই, বরং সাগরে পড়ে মরবো। সুতরাং মনে রাখতে হবে, যে কোন সঙ্কট উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা ও গুরুত্বারোপ করেছেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জমিয়তের ইতিহাস স্বর্ণালি ইতিহাস। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইতিহাস ১৯৭১ থেকে এবং জমিয়তে উলামায়ে ইসলামের ইতিহাস ১৯১৯ থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিশ্বের আনাচে-কানাচে দেওবন্দিয়াতের মিশন ও উম্মাহর স্বার্থে কাজ করে যাচ্ছে।

সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শপথ গ্রহণ পরিচালনা করেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। শপথগ্রহণ শেষে সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জিকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল মালিক কাসেমী, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা শামীম আহমদ, মুফতী মুজিবুর রহমান কাসেমী প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ