বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নামের শব্দ নিয়ে আমার মনে হয়, আলোচনা না করা ভালো। এখন প্রয়োজন একটাই একদফা এক দাবি, শেখ হাসিনা সরকারের পতন। এটার মধ্যে অন্য কোনো মসলা না লাগানো ভালো।।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, দেশে এত সমস্যা, সব সমস্যা নিয়ে কথা না বলে যেই সমস্যা সমাধানের যে অন্তরায় তাকে যদি আমরা পদত্যাগ করাতে পারি, তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে পারি, তাহলে জনগণই সব সমস্যা সমাধানের পথ তৈরি করবে। সুতরাং আমাদের সব চিন্তা-চেতনা-সামর্থ্য একত্রিত করে আমরা একদফায় থাকি। অন্য কোনো দাবি, অন্য কোনো দফা নয়।
সরকারপ্রধান শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, জোর করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার পথটা যদি সুন্দর না হয় পরিণতি ভয়াবহ হয়। অনেক কিছু করছেন। আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে আহ্বান করেন গণতন্ত্রের পথে একটি সুষ্ঠু নির্বাচনের, তাহলে আপনার বিরুদ্ধে খ্যাপা মানুষগুলো কিছু সময়ের জন্য হলেও শান্ত হবে। কারণ বাংলাদেশের মানুষ ক্ষমা করতে পারে, তারা খুব একটা এক্সট্রিম না।
গয়েশ্বর বলেন, দীর্ঘ দিনের লড়াইয়ে যে কষ্ট আছে আমাদের সেটা যার জন্য লড়াই করছি, সেই কাজ যদি আপনি এগিয়ে দেন, তাহলে আমাদের রুষ্ট মনোভাবটা পরবর্তী পর্যায়ে প্রতিফলিত নাও হতে পারে। সেটাই হলো সবচেয়ে উত্তম পথ।











