জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাইমা রহমান খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। একই কার্যালয়ে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম উপপ্রধান, মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
এ ছাড়া ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।











