গাজ্জা উপত্যকায় টানা ৪৮ দিনের চলমান সংঘাতের পর আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর এ যুদ্ধবিরতিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য একটি বিজয় বলে উল্লেখ করেছেন জর্দানের সাবেক প্রধানমন্ত্রী ফয়সাল আল-ফারাজ।
এর কারণ হিসেবে তিনি হামাসের পক্ষ থেকে দখলদার ইসরাইলি নেতাদের উপর শর্ত চাপিয়ে দিতে সক্ষম হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
জর্দানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, হামাসের উপর শর্ত আরোপ করতে ব্যর্থ হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজ্জা উপত্যকায় এতদিন ধরে যুদ্ধ করলেও কোনও ধরনের সামরিক অগ্রগতি অর্জন করতে পারেনি দখলদার ইসরাইলি বাহিনী। তাদের অর্জন শুধু নারী শিশু ও বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালানো।
গাজ্জার ফিলিস্তিনিদের জর্দান ও মিশরে বাস্তচ্যুত করার বিষয়ে ইসরাইলি পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আম্মান ও কায়রো এ পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ ও সংগঠিত অপরাধের জবাবদিহিতার জন্য তিনি আরব দেশগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি আরও বলেন, আরব ও ইসলামী দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর বড় অর্থনৈতিক স্বার্থ রয়েছে। তাই এই আগ্রাসন ঠেকাতে আরব ও ইসলামী দেশগুলোর অর্থনৈতিক পদ্ধতি ব্যবহার করা উচিত।
সূত্র: মিডল ইস্ট মনিটর











