গাজ্জা উপত্যকায় আজ থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। আর এই চুক্তির অধীনে থাকা শর্তসমূহ মেনে নিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেই সঙ্গে প্রতিরোধ যোদ্ধারা তাদের ভূমি মুক্ত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) এক বক্তব্যে তিনি বলেন, গাজ্জা উপত্যকায় গণহত্যা চালিয়ে বন্দীদের মুক্ত করতে চেয়েছিল দখলদার ইসরাইল। তবে তাদের এমন স্বপ্ন ও পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে হামাস।
তিনি আরও বলেন, অস্ত্র, ধ্বংস ও গণহত্যার মাধ্যমে বন্দীদের উদ্ধার করার বাজি ধরেছিল আমাদের শত্রুরা। কিন্তু প্রায় ৫০ দিনের কাছাকাছি এসে আমাদের সাহসী জনগণের ইচ্ছাশক্তি ও প্রতিরোধ সংগঠনের শর্তের কাছে মাথানত করতে বাধ্য হয়েছে শত্রুরা।
হামাস প্রধান বলেন, গাজ্জায় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরাইল বাহিনীর হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে হামাস।
হামাস প্রধান আরও বলেন, গাজ্জায় অবস্থান পরিবর্তন করবে না হামাস। সেই সঙ্গে ভবিষ্যতেও এই অঞ্চলের শাসনকার্যে বহিরাগত যে কোনও হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আমাদের সংগঠন।
সূত্র: প্রেস টিভি











