বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেই রাজনীতিতে বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছে। জনগণের ভালোবাসা নিয়েই সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, তারা কারা, যারা লাশের রাজনীতি করে? হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে। আগুন সন্ত্রাসের এই ইতিহাস নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের। তারা ১৯৭২ সাল থেকেই এসব কর্মকাণ্ড করে আসছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রায় ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ এ বিষয়ে সচেতন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এ দেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, কীভাবে ধরে রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ণ রাখতে হয়। তিনি বিশ্বাস করেন, এ দেশের মানুষ অতীতে সিদ্ধান্ত নিতে ভুল করেনি।
তিনি আরও বলেন, আগামী দিনে যারা দিবাস্বপ্ন দেখছে, যারা আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কীভাবে রুখে দিতে হয়, এ দেশের মানুষ তা জানে।











