অল্প সময়ের মাঝে বাংলাদেশ সারাবিশ্বে ঋণ দিবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, আমরা এখন ঋণ করছি। তবে সময় বেশি বাকি নেই, ইনশা আল্লাহ, অল্প সময়ের মাঝে আমরা সারাবিশ্বে ঋণ দেবো। আমরা কিন্তু সেইভাবে এগুতে শুরু করেছি। আমাদের গভর্নর মহোদয় সব সময় আমাদের কো-অপারেট করছেন। আমরা মেগা প্রকল্পেও অর্থায়ন করছি। সবই হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পদক্ষেপের মাধ্যমে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে। টার্গেট অনুযায়ী ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে। আবারও বলি, আমাদের ঋণের পরিমাণ বেশি। আমরা ঋণ করে দেশ চালাচ্ছি। তবে সারাবিশ্বে সবচেয়ে আমাদের ঋণ কম। জিডিপির পরিমাণে আমাদের ঋণ সবচেয়ে কম। অন্যান্য দেশের তুলনায় আমাদের ঋণ অনেক কম। ৩৬ থেকে ৩৭ শতাংশ আমাদের ঋণের পরিমাণ। এত কম ঋণের পরিমাণ আমাদের কারোরই নেই।
তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম জিডিপিতে স্বাভাবিক প্রবৃদ্ধি হবে। কিন্তু কোভিডের কারণে সেটি অর্জন করেত পারিনি। তবে আমাদের সামষ্টিক অর্থনীতিতে যে আইডিয়া করেছিলাম সেগুলা বেশিরভাগ করতে সক্ষম হয়েছি। আমরা কথা দিয়েছিলাম চলতি বছর শেষে রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলার হবে। কিন্তু সেটা করতে পারিনি। বর্তমানে এটা ৪৫ থেকে ৪৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। আমি বিশ্বাস করি চলতি অর্থবছরের শেষ নাগাদ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে যেতে পারবো।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন সোনার বাংলা বিনির্মাণে। আমরা বিশ্বাস করি আজকে যে ডেভলপমেন্ট জার্নি দেখছি, এটা হঠাৎ করেই এই অবস্থানে আসার বিষয় নয়। এখানে অনেকের অবদান আছে।










