আওয়ামী সরকার মানুষের সমাগম দেখলেই আঁতকে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের মোটেই কোনো গণভিত্তি নেই। এ কারণে তারা মানুষের সমাগম দেখলেই আঁতকে উঠছে। আর সেজন্যই আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির সভা-সমাবেশে লেলিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে বেসামাল হয়ে পড়ে বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারসহ নানাবিধ হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল (বুধবার) হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণ করে নেতাকর্মীদের আহত করার পর উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আবারও প্রমাণিত হলো- আওয়ামী অবৈধ সরকারের সিংহাসন এখন টালমাটাল। দেশকে গণতন্ত্র ও রাজনীতিশূন্য করে এখন বিএনপিসহ বিরোধী দলের নাম নিশানা মুছে দিতে উদ্যোগী হয়েছে তারা। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিকবোধ শূন্য হয়ে পড়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূলনীতিতে পরিণত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমি অবিলম্বে হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি।










