আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল দেশের সব মানুষের ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার।
শনিবার (২৪শে ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, প্রাণ থাকতে দেশের কোন ক্ষতি হতে দেবো না। দেশের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ কাউকে করতে দেবো না।
তিনি বলেন, এরকম এক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়। ছেলেমেয়েদের দায়িত্ব রেহানার ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। স্বাধীনতার সুফল যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায় সেটাই ছিল লক্ষ্য।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ কারো হাতে তুলে দেবো না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা।











