spot_img

দেশে সবকিছুই যেন নেই আর নেই : প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে গণতন্ত্র নেই, বিচার নেই, কথা বলার অধিকার নেই। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছেই। ব্যাংকে টাকা নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নাই, পানি নেই, সবকিছুই যেন নেই আর নেই। এ অবস্থায় দেশের মানুষের বেঁচে থাকাই দায়।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রিন্স এসব কথা বলেন। এ সময় তিনি সারা দেশে বিএনপির গণমিছিলে হামলার ঘটনা তুলে ধরেন।

প্রিন্স বলেন, চারদিকে সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। যেখানে বিএনপির কর্মসূচি, সেখানেই হাজার হাজার মানুষের ঢল নামে। বিএনপির সমাবেশে মানুষের স্রােত দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সরকার। তাই পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে তারা।

প্রিন্স আরও বলেন, ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অনির্বাচিত সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী জেলা ও মহানগরে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহিলাবিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. অবদুস সাত্তার পাটোয়ারী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ