বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গতবার ছিল ১২তম। তবে বিপরীত দিক দিয়ে, অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্য এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। গতবার ছিল ১৪৬তম।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রকাশিত বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষে অবস্থান করছে। আর এবারও দক্ষিণ সুদান সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে।
এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুর্নীতির এই ধারণা সূচকের বিভিন্ন তথ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। কারণ, ১০ বছর ধরে প্রবণতা হলো স্কোরটি এক জায়গায় স্থবির হয়ে আছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানোর রাজনৈতিক অঙ্গীকার থাকলেও সেটি ঠিকমতো কার্যকর হচ্ছে না।










