spot_img

বিদেশিদের মদদে সরকার পতন হলে আমাদের রাজপথে আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না: লালু

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিদেশিদের মদদে সরকার পতন হলে আমাদের রাজপথে আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের নেতারা পাগল হয়ে গেছে বলে তারা এখন মিথ্যাচার করছেন। আমাদের টার্গেট আন্দোলনের মাধ্যমে জায়গা মতো পৌঁছানো। আশা করছি খুব তাড়াতাড়ি এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রংপুর মহানগরীর আনসারী মোড় এলাকায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাহির থেকে চাকচিক্য দেখে এ সরকারের অবস্থা বোঝা যাচ্ছে না। অথচ ভেতরে খোঁজ নিলে দেখা যাবে কিছু নেই। যে কোনো সময় আওয়ামী লীগ সরকার পড়ে যাবে। তাদের এমপি-মন্ত্রীরা উল্টো-পাল্টা বকছেন। ঘরবন্দি বেগম খালেদা জিয়ার নির্বাচন ও রাজনীতি করা নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা অস্থির হয়ে গেছেন।

তিনি আরও বলেন, পদযাত্রা কর্মসূচি বিএনপির লাগাতার আন্দোলনের একটি অংশ। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচি পালন করব। শেষ পর্যন্ত সরকারকে বাধ্য হয়ে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে মাইলের পর মাইল হাঁটছি, রাজপথে চিৎকার করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ