সরকারের একজন মন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নিজের নাম উর্দুতে রেখে স্লোগানের ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর।
আসিফ মাহমুদ বলেন, “ভাষার মাসে আমরা আগে দেখতাম, ভাষা নিয়ে সবচেয়ে বেশি চুলকানি থাকত আওয়ামী লীগের। কিন্তু এখন আমরা দেখতে পাই, বিএনপিও ঠিক একই কাজ করছে। কিছুদিন আগে বিএনপির এক মন্ত্রী বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ উর্দু শব্দ। তাহলে তাদের যে স্লোগান, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, এখানে ‘জিন্দাবাদ’ও তো উর্দু শব্দ।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, “‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিলে নাকি তার রক্তক্ষরণ হয়। অথচ মজার বিষয় হলো, সেই মন্ত্রীর নিজের নামের তিনটি শব্দের একটিও বাংলা নয়; বরং সেগুলোও উর্দু বা ফারসি উদ্ভূত শব্দ। নিজের নাম উর্দুতে রেখে স্লোগানের ভাষা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর।”
বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশলের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, নতুন সরকারের ভেতরে একটি পক্ষ আওয়ামী লীগকে ‘রিকনসিলিয়েশন’-এর দোহাই দিয়ে পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করছে। বিএনপি হয়তো মনে করছে, এর মাধ্যমে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু তারা একটি বড় ভ্রান্ত ধারণার মধ্যে বাস করছে।
আওয়ামী লীগকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ হচ্ছে সাপের মতো। তাকে অসুস্থ অবস্থায় দুধ-কলা দিয়ে বড় করলে সে আপনার পোষ মানবে না; বরং সুস্থ হয়ে আপনাকেই প্রথম ছোবল মারবে।
বিএনপির অতীত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এই একই ভুল বিএনপি আগেও দুইবার করেছে। প্রথমবার জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলেও তারা শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছিল। যার চূড়ান্ত পরিণতিতে পরে আওয়ামী লীগ বিএনপিকেই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে।
আসিফ মাহমুদ আক্ষেপ করে বলেন, “বিএনপি যখন নিপীড়িত ছিল, তখন আমরা এবং দেশের সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু বারবার একই ভুল করলে তাদের আসলে শিক্ষা হওয়া উচিত।”












