spot_img

রাজনীতি সচেতন হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনি যদি রাজনীতি সচেতন না হন, তাহলে আপনি পাঁচ বছর পর পর যে নির্বাচন আসে কাকে ভোট দেবেন। ভোট দেওয়ার বেলায় তো আপনাকে জানতে হবে আপনি যাকে ভোট দেবেন সে কি আপনার রাস্তাঘাটের উন্নয়ন করবে, সে কি আপনার জীবনমান উন্নয়ন করবে, সে কি আপনার সন্তানের শিক্ষার ব্যবস্থা করবে, সে কি আপনার দেশের খাদ্য উৎপাদান বাড়াতে পারবে, সে কি আপনার দেশকে বিজ্ঞান-প্রযুক্তিতে এগিয়ে নিতে পারবে? এসব জানতে হবে। নাকি সে দেশকে পিছিয়ে দেবে, অন্ধকারের দিকে নিয়ে যাবে? কাজেই আপনার হাতেই যেন সিদ্ধান্তের চাবিকাঠি থাকে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আমি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি লেখা আছে ধূমপানমুক্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। ধূমপান আর রাজনীতি এক বস্তু না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর রাজনীতি প্রত্যেক মানুষের জন্য। আর সেজন্যই শিক্ষার্থীদের বলব এবং এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলব, আসুন আমরা সেই সঠিক রাজনীতিকে চিনে নিই।

তিনি বলেন, আমরা যেন ভুলে না যাই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এই দেশকে কারা হত্যা-ধর্ষণের ভূমিতে পরিণত করেছিল। আমরা যেন ভুলে না যাই কারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল। আমরা যেন ভুলে না যাই যারা ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাস করেছিল। তার বিপরীতে আমরা যেন মনে রাখি কার নেতৃত্বে আমরা আজকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছি। আজকে আমরা স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ