spot_img
spot_img

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র নিয়ে আসবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরটি জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে।

জানা গেছে, জয়শঙ্কর ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন আবদুল মোমেন।

শেখ হাসিনার আমন্ত্রণে মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ২০২১ সালের ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন। এটি ছিল ভারতীয় রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর এবং কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ