রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীতে অনুমোদনহীন মদ এবং সিসা বার বন্ধে আইনি ব্যবস্থা নিতে লিগ্যাল বা আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বারে এসে সিসা সেবন করছে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অন্যান্য যুবকরা। এতে তারা বিপথগামী হচ্ছে। তাই এসব মাদক ও সিসা বার বন্ধ করা দরকার।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও রেজিস্টার যোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মঞ্জিল মোর্শেদ খান চৌধুরী।
নোটিশটি দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আই জিপি), র্যাব মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার, গুলশান জোনের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার, বনানী ও গুলশান থানার ওসি বরাবর। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসব বার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। অন্যথায় রিট আবেদন করা হবে বলে জানানো হয় নোটিশে।










